মুর্তজা বশীরের জীবনালেখ্য
মিরাজুল ইসলাম
প্রতীক প্রকাশনা সংস্থা
প্রচ্ছদ: রাসেল কান্তি দাশ। মূল্য: ২৫০ টাকা
শিল্পী মুর্তজা বশীরের সঙ্গে মিরাজুল ইসলামের ঘনিষ্ঠতা প্রায় বিশ বছরের। সেই যোগসূত্র থেকে মুর্তজাকে ঘিরে তাঁর একান্ত অনুভূতিগুলোর সুসংহত রূপ এই গ্রন্থ। বহুমুখী গুণের অধিকারী মুর্তজা বশীর বাংলাদেশ শিল্পচর্চা অঙ্গনে এক কিংবদন্তির নাম। শারীরিক অসুস্থতাকে পাশ কাটিয়ে আজ সাতাশি বছর বয়সেও থেমে নেই শিল্পীর তুলি ও কলম। শিল্প নিজেই তাঁর জীবনদর্শন, শিল্পী হবার ইতিহাস, ব্যক্তিগত অনুভূতি, আনন্দ-বেদনা-সাফল্যের কথা, যাপিত জীবন সবকিছু লিখেছেন। তারপরও নতুন প্রজন্মের কাছে শিল্পীর বর্ণাঢ্য জীবনের অংশবিশেষ নিজের মতো করে উপস্থাপন করেছেন লেখক। এতে করে বাংলাদেশের শিল্প আন্দোলন ও তার চলমান ধারায় মুর্তজা বশীরের অবস্থান বুঝতে পাঠকের কাছে যেমন সহজ হবে, তেমনি একইসঙ্গে খুঁজে পাওয়া যাবে একজন ব্যক্তি মর্তুজাকে। শিল্পীর বিভিন্ন সময়ের আলোকচিত্র ও চিত্রকলার সমাহার বইটিকে আকর্ষণীয় করে তুলেছে।