স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশের ফুটবলে পেশাদার ফুটবল লিগ প্রবর্তনের পর এখনও মোহামেডান শিরোপা ঘরে তুলতে পারেনি। মাঝে-মাঝে দু’একটা টুর্নামেন্টের ট্রফি ঘরে তোলা ছাড়া মোহামেডান বড় কোনো শিরোপা ঘরে তুলতে পারছে না। এরই মধ্যে প্রিমিয়ার হকি লিগ চ্যাম্পিয়ন হয়ে মোহামেডান যেন অনেকদিন পর একটা উত্সবের উছিলা খুঁজে পেয়েছে। তাই হয়ত মোহামেডান তাদের হকি দলের সব খেলোয়াড়কে সংবর্ধনা দিলো। গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার হকি লিগ চ্যাম্পিয়ন মোহামেডানকে সংবর্ধনা দিলে কাল দুপুর থেকেই মতিঝিলিস্থ ক্লাব আঙ্গিনায় সমর্থকদেরও ঢল নামে। ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেনসহ একাধিক পরিচালক অতিথিদের বরণ করেন। মোহাপাগল নামের মোহামেডান সমর্থকরাও কাল জমায়েত হয়েছিল। স্মারক তুলে দিয়েছে কর্মকর্তার হাতে। সংবর্ধনা অনুষ্ঠান শুরু হওয়ার আগেই দুপুরে সমর্থকদের মেজবানের আয়োজন করা হয়। গরুর কালো ভুনা দিয়ে আপ্যায়ন করা হয় সমর্থকদের। খেলোয়াড়, সাবেক খেলোয়াড়, কোচ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বিকালে কনসার্ট অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে খেলোয়াড়দের ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয়। উত্সবমুখর অনুষ্ঠানে খেলোয়াড়রাও দারুণ খুশি। কোচ মওদুদুর রহমান শুভ তার ক্যারিয়ারে মোহামেডানের মত বড় দলের কোচ হয়ে সাফল্য তুলে নিয়েছেন। আগামীতে আরো ভালো করার প্রতিশ্রুতি দিয়েছেন। অনুষ্ঠানে ফুটবল খেলোয়াড়রাও উপস্থিত ছিলেন। হকি খেলোয়াড়দের সংবর্ধনা দেখে অনুপ্রাণিত। ফেডারেশন কাপ ফুটবলে ভালো কিছু করতে না পারলেও প্রিমিয়ার লিগে ভালোর টার্গেট করেছেন ফুটবলাররা। লিগে মোহামেডানের প্রথম খেলা বিজেএমসির বিপক্ষে।