রাশিয়ায় তালেবানসহ আফগান বিরোধীদের আলোচনা শুরু

রাশিয়ার উদ্যোগে তালেবানসহ আফগানিস্তানের সরকারবিরোধী সংগঠন ও ব্যক্তিদের নিয়ে মঙ্গলবার মস্কোতে আলোচনা শুরু হয়েছে। আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইও এতে অংশ নিয়েছেন। তবে রাশিয়ার এ উদ্যোগের সমালোচনা করেছে আফগান সরকার।

আফগানিস্তান থেকে ৩৮ সদস্যের একটি প্রতিনিধি দল মস্কোয় বৈঠকে অংশ নিয়েছে। এদের মধ্যে এর আগে আফগান সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা অনেক ব্যক্তিও রয়েছেন। রাশিয়ায় এ আলোচনার মূল উদ্যোক্তা দেশটিতে বসবাসরত আফগান নাগরিকদের সংগঠন কাউন্সিল অব আফগান সোসাইটি। তারা বলছে, আফগানিস্তানে একটি ‘শক্তিশালী ও গণতান্ত্রিক কেন্দ্রীয় সরকার’ গড়ে তুলতেই এ বৈঠকের আয়োজন করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পর রাশিয়ার সঙ্গে তালেবানের এ আলোচনায় হতাশা প্রকাশ করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

রাশিয়ার সঙ্গে তালেবানসহ বিরোধী রাজনীতিকদের বৈঠকের সমালোচনা করে আফগান প্রেসিডেন্টের দফতর থেকে বলা হয়েছে, ক্ষমতার জন্যই এসব করা হচ্ছে। আশরাফ ঘানির প্রধান উপদেষ্টা ফাজেল ফাজলি বলেন, অতীতে আফগানিস্তানের গণতান্ত্রিক রূপান্তরে নেতৃত্ব দেওয়া রাজনীতিবিদরা তালেবান নেতাদের সঙ্গে দেখা করতে চাইছেন, এটা দুঃখজনক। এক টুইটার বার্তায় তিনি বলেন, ক্ষমতা থেকে দূরে থাকার কারণে তারা নিজেদের মূল্যবোধকেও উপেক্ষার প্রস্তুতি নিয়েছেন।

কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের শান্তি আলোচনার ১০ দিনের মাথায় মস্কোতে এ বৈঠকে অংশ নিচ্ছে তালেবান।