সৌদিতে দুর্নীতি বিরোধী লড়াই অব্যাহত রাখতে নতুন অফিস চালু

টানা ১৫ মাস ধরে চলা দুর্নীতি বিরোধী অভিযানের ধারাবাহিকতা বজায় রাখতে সৌদি আরবে রাষ্ট্রীয় আর্থিক ব্যয় নিরীক্ষণের নতুন অফিসের কার্যক্রম শুরু হয়েছে। সদ্য দেশটিতে দুর্নীতি বিরোধী এ অভিযান সমাপ্ত হয়। রাষ্ট্রীয় এক সংবাদ সংস্থায় প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

সোমবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ’তে প্রকাশিত ওই প্রতিবেদনে সরকারি প্রসিকিউটর সৌদ আল-মোজবে বলেছেন, আর্থিক ব্যয় নিরীক্ষণের এ অফিস রাষ্ট্রের সাধারণ অডিটিং ব্যুরোর অংশ হবে। তিনি আরও বলেন, দুর্নীতি একটি নির্দিষ্ট সংস্থা বা সরকারি খাতে সীমাবদ্ধ নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি পর্যবেক্ষণ করবে। এক্ষেত্রে কোনো কোনো তদন্ত পরিচালনা করবে পাবলিক প্রসিকিউটর।

প্রিন্স মোহাম্মদ বিন সালমান গত সপ্তাহে বলেছেন, ২০১৭ সালের নভেম্বর দুর্নীতি বিরোধী এ অভিযান শুরু হয়েছিল। যার ফলে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির উন্নতি ও লক্ষ্য অর্জন করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে এবং জনসাধারণের তহবিল রক্ষা করার চেষ্টা অব্যাহত রাখবে।