ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর আগেও দুবার জাতীয় নির্বাচনের কারণে ভারতের বাইরে অনুষ্ঠিত হয়েছে। এবারও জাতীয় নির্বাচনের কাছাকাছি সময়ে সূচি ঠিক আছে আইপিএলের। বিশ্বকাপের কারণে সে সূচি খুব একটা পেছানোর উপায় নেই। ফলে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দেশের বাইরে কিছু ভেন্যুকেও বিবেচনায় রাখছে। এ অবস্থায় কিছু সূত্রের খবর যে, আইপিএলের কিছু ম্যাচ অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশের ৩টি ভেন্যুতে।
২০০৯ সালে ভারতের জাতীয় নির্বাচনের কারণে সে দেশের প্রশাসন আইপিএলকে নিরাপত্তা দিতে অস্বীকার করে। ফলে তখনকার বিসিসিআই পুরো আয়োজন নিয়ে চলে যায় দক্ষিণ আফ্রিকায়। এরপর ২০১৪ সালে আবারও নির্বাচনের সাথে আইপিএলের সংঘাত হলে কিছু ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হয়।
দক্ষিণ আফ্রিকা বা উপমহাদেশের বাইরে যাওয়ার অভিজ্ঞতা আইপিএলের একদমই ভালো না। কারণ সেখানে কন্ডিশন বদলে গিয়ে আইপিএলের চরিত্রও বদলে যায়। আবার আরব আমিরাতে আয়ের তুলনায় আয়োজন ব্যয় অনেক বেশি। ফলে অন্য কোনো বিকল্প খোঁজ করছে বিসিসিআই। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছিল, এ বিকল্প তালিকায় বাংলাদেশ ও শ্রীলঙ্কা আছে।
এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র জানাল, তাদের সাথে আইপিএল আয়োজন নিয়ে আলোচনা চলছে বিসিসিআইয়ের। সেই আয়োজনের সম্ভাব্যতা যাচাই করতে ভারতের একটি কিউরেটর ও বিশেষজ্ঞদের দল সম্প্রতিই বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম ও সিলেট ভেন্যু পরিদর্শন করবে বলেও জানা গেল।
তবে বিসিবি আনুষ্ঠানিকভাবে এরকম কিছু বলতে রাজী নয়। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এ প্রসঙ্গে বলেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে এরকম কোনো প্রস্তাব পাইনি। আমরাও মিডিয়াতে এরকম খবর দেখেছি। এতটুকুই বলতে পারি।’
আগামী মার্চের শেষ দিকে শুরু হওয়ার কথা আইপিএলের এবারের আসরের। গতকালই ছিল এই আসরের সূচি প্রকাশের দিন। কিন্তু বিশেষ কারণে সে অনুষ্ঠান করেনি বিসিসিআই। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেছেন, তারা নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করছেন। এই আলাপ শেষ হলে তবেই সূচি প্রকাশ করা হবে।