সরফরাজেই ভরসা পাকিস্তানের

গুঞ্জন ছিল, বিশ্বকাপের আগেই অধিনায়ক পাল্টাতে পারে পাকিস্তান। শোনা যাচ্ছিল সরফরাজ আহমেদের জায়গায় দায়িত্ব পেতে পারেন বর্ষীয়ান ক্রিকেটার শোয়েব মালিক। কারণ ছিল দুটো, প্রথমত দল ও অধিনায়ক সরফরাজ আহমেদের নিজের বাজে ফর্ম। দ্বিতীয়ত, ক’দিন আগেই বর্ণবাদী মন্তব্যের জের ধরে সরফরাজের পাওয়া চার ম্যাচের নিষেধাজ্ঞা।

যদিও অধিনায়ক পাল্টানোর গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি। তিনি, সাফ জানিয়ে দিয়েছেন, আপাতত সরফরাজ আহমেদের ওপরই ভরসা রাখছে বোর্ড।

দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ চলাকালেই ম্যাচের মধ্যে দক্ষিণ আফ্রিকান খেলোয়াড় অ্যান্ডাইল ফেহলুকওয়াকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করেছিলেন। তিনি যে প্রোটিয়া এই অলরাউন্ডারের গায়ের রঙের দিকে ইঙ্গিত করেই মন্তব্যটি করেছেন সেটা স্ট্যাম্পে লুকিয়ে থাকা মাইক্রোফোনে স্পষ্ট শোনা গেছে। অভিযোগ ওঠার পর তাকে চারটি আন্তর্জাতিক ম্যাচের জন্য নিষিদ্ধ করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

নিষেধাজ্ঞায় থাকায় অধিনায়ক সরফরাজ এখন পাকিস্তানে ফিরেছেন। বোর্ড চেয়ারম্যান তার সাথে বৈঠকও করেছেন। বৈঠক শেষে এহসান মানি বলেন, ‘কোনো সন্দেহ নেই যে, সরফরাজই এখন পর্যন্ত আমাদের অধিনায়ক। আর নতুন কোনো সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত তিনিই দায়িত্বে থাকছেন।’

অন্তত বিশ্বকাপ পর্যন্ত সরফরাজকে অধিনায়কের পদ থেকে সরানোর কোনো ইচ্ছা পিসিবির নেই। সেটাই জানালেন মানি। বললেন, ‘যেকোনো সিরিজের পরই অধিনায়ক বদলের ব্যাপারে গণমাধ্যমে আলোচনা শুরু হয়। তাই সবার উদ্দেশ্যে বলা উচিত যে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে (পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ) ও বিশ্বকাপে দায়িত্বে থাকছেন সরফরাজই। বিশ্বকাপ শেষে আমরা দলের পারফরম্যান্স মূল্যায়ন করবো। তারপরই এই ব্যাপারে সিদ্ধান্ত হবে। দলের হয়ে বিশ্বকাপে সরফরাজ কতটা ভূমিকা রাখতে পারেন সেই ব্যাপারটা অবশ্যই আমরা দেখবো।’

সরফরাজের নেতৃত্বেই পাকিস্তান ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করে। দলকে টি-টোয়েন্টি র্যাংকিংয়েও এক নম্বরে তুলেছেন সরফরাজ। তার প্রশংসা করে এহসান বানি বলেন, ‘পাকিস্তান দলের বিশ্বকাপ প্রস্তুতিতে সরফরাজ অপরিহার্য সদস্য। ও খুব কৌশলী, ভালো একজন নেতা, ভালো পারফরমারও বটে।’

বোর্ড চেয়ারম্যানের এমন ঘোষণার পর বেশ স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পেরেছেন সরফরাজ। তিনি অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আমি খুবই কৃতজ্ঞ ও সম্মানিত বোধ করছি এই ভেবে যে, বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া পাকিস্তানি অধিনায়কদের সাথে আমার নাম একই সাথে উচ্চারিত হবে। আমি আনন্দিত যে, বিশ্বকাপের আগে আমরা বেশ ভালো অবস্থায় আছি। আমাদের ড্রেসিং রুমে বিশ্বমানের কোচিং স্টাফের সাথে একদল ম্যাচ জেতানো ও প্রতিভাবান তরুণ আছেন।’