ড্রয়ে পেছালো লিভারপুল

লিভারপুল গত সোমবার রাতে ওয়েস্ট হ্যামের মাঠে ১-১ ড্রয়ে বাধ্য হওয়ায় সুবিধা হলো তাদের শিরোপা প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির।

কারণ এ ড্রয়ের পর ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে বর্তমান চ্যাম্পিয়ন সিটির ব্যবধান কমে এলো তিন পয়েন্টে। সমান ২৫ খেলা শেষে কোচ য়ুর্গেন ক্লপের দল আছে ৬২ পয়েন্টে। অথচ ২৯ ডিসেম্বরও দলটি নয় পয়েন্টে এগিয়ে ছিল।

সিটি গত রবিবার আর্সেনালকে হারায়। অপরদিকে লিভারপুল টানা দ্বিতীয় ড্র করলো। কোচ পেপ গার্দিওলার দল আগামী বুধবার এভার্টনের মাঠে জিতলে ৫ ডিসেম্বরের পর আবার প্রিমিয়ার লিগের শীর্ষে ফিরবে।

টটেনহ্যামও শিরোপা লড়াইয়ে আছে। বিশেষ করে দলটি সর্বশেষ তিন খেলায় জয়ী হওয়ায় এখন তারা আছে ৫৭ পয়েন্ট নিয়ে, আছে তৃতীয় স্থানে। অপরদিকে ৫০ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে আছে চেলসি। গার্দিওলার দল আবার এভার্টনের খেলাটির পরই মুখোমুখি হবে চেলসির সঙ্গে। সব মিলিয়ে ইংলিশ প্রিমিয়ারে তীব্র উত্তেজনাকর পরিস্থিতি।

সাদিও মানের গোলে লিভারপুল অবশ্য ২২তম মিনিটেই এগিয়ে গিয়েছিল। কিন্তু ছয় মিনিট পরই তা শোধ করে দেয় স্বাগতিক ওয়েস্ট হ্যাম। মিখায়েল আন্তনিও গোলটি শোধ করে দেন। সাদিও মানের গোলটির সময় জেমস মিলনার অফসাইডে ছিলেন। যে কারণে ওয়েস্ট হ্যাম কোচ ম্যানুয়েল পেলিগ্রিনি খেলা শেষে বলেন ক্লপের দল নাকি অফসাইডের গোলে জিততে অভ্যস্ত।

লন্ডন স্টেডিয়ামে মূলত শক্তিশালী বলে বিখ্যাত রক্ষণভাগের ভুলেই গোল হজম করে লিভারপুল। তারমধ্যে দলটির অন্যতম ভরসা মোহামেদ সালা টানা দুই ম্যাচে কোনো গোল পাননি। জার্মান কোচ ক্লপের আক্রমণভাগ এই রাতে ওয়েস্ট হ্যামের জন্য কখনোই হুমকি হয়ে ওঠেনি। এরকম পরিস্থিতির মধ্যে আবার লিভারপুলের ইনজুরি তালিকাও বাড়ছে।

পরের খেলায় লিভারপুল মুখোমুখি হবে বোর্নমাউথের। এরপর চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের মোকাবিলা শেষে এ মাসের শেষদিকে ক্লপের দলের বিপক্ষ হবে ম্যানচেস্টার ইউনাইটেড।

এদিকে সিটির মিডফিল্ডার বার্নার্দো সিলভা মনে করছেন আগামী কয়েকদিনের মধ্যে বোঝা যাবে তার দলের শিরোপা রক্ষার সম্ভাবনা কতখানি। বিশেষ করে এভার্টন ও চেলসির খেলা দুটির ওপর। তাই সিলভা এভার্টনের বিরুদ্ধে সুযোগ কাজে লাগানোর ওপর সবিশেষ জোর দেন।

সিলভা এ প্রসঙ্গে বলেন, ‘এভার্টন ও চেলসির বিরুদ্ধে আমাদের দুটি কঠিন খেলা আছে। আমরা এ দুটি জিততে চাই। আমরা যদি না পারি, তাহলে এই প্রিমিয়ার লিগ জয়ের জন্য ব্যাপারটা কঠিন হয়ে উঠবে।’

-সুপারস্পোর্ট/বিবিসি