জাতীয় মহিলা রাগবি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঠাকুরগাঁও জেলা।
গতকাল মঙ্গলবার সকালে সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে দলটি ট্রাইব্রেকারে ২-১ পয়েন্টে রংপুর জেলাকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ান হয়। কিশোরগঞ্জ তৃতীয় ও নারায়গঞ্জ চতুর্থ স্থান লাভ করে। সেরা খেলোয়াড় হন মোসা: রুনা আক্তার (রংপুর)।
ঠাকুরগাঁও ও রংপুরের মধ্যকার ফাইনালটি নির্ধারিত সময়ে ০-০ পয়েন্টে এগিয়ে ছিল। এমনকি অতিরিক্ত সময়েও কোনো দল পয়েন্ট নিতে পারেনি। ফলে টাইব্রেকারে ফলাফল নিষ্পত্তি হয়।
এবারের এই ওয়ালটন তৃতীয় জাতীয় মহিলা রাগবিতে ১৩টি দল অংশ নেয়। তার মধ্যে ‘ক’ গ্রুপে ছিল নড়াইল, জামালপুর, রংপুর ও জয়পুরহাট। ‘খ’ গ্রুপে ছিল কিশোরগঞ্জ, রাজশাহী ও হবিগঞ্জ। ‘গ’ গ্রুপে ছিল নারায়ণগঞ্জ, ঢাকা ও দিনাজপুর। আর ‘ঘ’ গ্রুপে ছিল ঠাকুরগাঁও, চাঁদপুর ও কক্সবাজার।