বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর শেষ হবে ৮ ফেব্রুয়ারি। বিপিএলের পরপরই দেশের ঘরোয়া ক্রিকেট সরব হবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নিয়ে। প্রিমিয়ার লিগের সমন্বয়ক আমিন খান গতকাল জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ঢাকা প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফট। রাজধানীর হোটেল সোনারগাঁয়ে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। আর ঘরোয়া ক্রিকেটের অন্যতম আকর্ষণীয় এই লিগ মাঠে গড়াবে ২৫ ফেব্রুয়ারি। আমিন খান আরো জানান, প্রতিটি ক্লাব আগের আসরের সর্বোচ্চ তিনজন করে ক্রিকেটার ধরে রাখতে পারবে। রিটেইন করা ক্রিকেটারদের পারিশ্রমিকের ৫০ ভাগ ১০ ফেব্রুয়ারি তথা ড্রাফটের আগেই পরিশোধ করতে হবে। প্রতি ম্যাচে একজন করে বিদেশি ক্রিকেটার খেলাতে পারবে ক্লাবগুলো। এবার প্রিমিয়ার লিগের খেলা অনুষ্ঠিত হবে তিন ভেন্যুতে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ও বিকেএসপিতে হবে লিগের ম্যাচ।