কুমিল্লায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। রবিবার (১৮ জুলাই) বিকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০০ জনে।
এছাড়াও জেলায় নতুন করে আরও ৫৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৯ দশমিক ১ শতাংশ। রবিবার বিকালে কুমিল্লা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এসব তথ্য জানিয়েছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের ল্যাবে ১ হাজার ৪২২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৮৭ জনই কুমিল্লা সিটি করপোরেশন এলাকার এবং অন্যরা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। মৃত ১৩ জনের মধ্যে কুমিল্লা শহরে ৩, মুরাদনগরে ২ জন এবং আদর্শ সদর, বুড়িচং, চৌদ্দগ্রাম, লাকসাম, নাঙ্গলকোট, লালমাই, তিতাস ও হোমনায় ১ জন করে মৃত্যু হয়েছে। সিভিল সার্জন জানান, জেলায় এ পর্যন্ত ৯৯ হাজার ৬২৮ জনের করোনা নমুনা পরীক্ষা হয়েছে, এর মধ্যে ২০ হাজার ৮১০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় ৬০০ জন মারা গেছেন।
ইত্তেফাক/এনএ