শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন, সার্বিক আয়োজন, নিরাপত্তাব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সুনামগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
রোববার (১৮ অক্টবোর) দিনব্যাপী পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তাপস রঞ্জন ঘোষ, পূজা উদ্যাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পীসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া এসআরবি, বিজিবি ও আনসার বাহিনীর সদস্য এবং পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, ‘সুনামগঞ্জে নির্মল আনন্দের মধ্য দিয়ে এ উৎসব উদ্যাপিত হচ্ছে। বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছি, যাতে কোনোভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে এবং সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে উৎসব পালন করতে পারেন। আমরা দেখেছি, সবকিছুই ঠিক আছে।’
পরিদর্শনকালে জেলা প্রশাসক মণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করেন এবং পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন। এ সময় মণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগ, সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ সার্বিক নিরাপত্তাব্যবস্থার খোঁজ নেওয়া হয়।
