মানব সম্পদ উন্নয়নে ১৯২৫ কোটি টাকা অনুদান দেবে ইইউ

বাংলাদেশের মানব সম্পদ উন্নয়ন কর্মসূচি-২০২১ বাস্তবায়নে ২০ কোটি ৫৫ লাখ ইউরো অনুদান দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৯২৫ কোটি ৪৩ লাখ টাকা। এ লক্ষ্যে গতকাল মঙ্গলবার সরকারের সাথে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। শেরেবাংলানগরস্থ ইআরডি সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত রেনজি তিরিংক চুক্তিতে স্বাক্ষর করেন। মানব সম্পদ উন্নয়নে বিশেষ করে শিক্ষা ও প্রশিক্ষণ খাতে এই অর্থ ব্যয় করা হবে।

ইইউ রাষ্ট্রদূত রেনজি তিরিংক উল্লেখ করেন, আগামী এক দশকে বাংলাদেশে ২ কোটি ১০ লাখ কর্মক্ষম মানুষ শ্রমবাজারে প্রবেশ করবে। তাদের কর্মসংস্থান উপযোগী করে গড়ে তুলতে মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা এবং করিগরি শিক্ষা প্রয়োজন। ডেমোগ্রাফিক ডিভিডেন্ট বা জনসংখ্যার বোনাসের সুফল পেতে, দারিদ্র্য হ্রাস এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, বাজেট সহায়তার আওতায় আগামী চার বছরে ২০ কোটি ৫৫ লাখ ইউরোর মধ্যে ১৫ কোটি ইউরো প্রাথমিক শিক্ষা খাতে এবং ৫ কোটি ইউরো কারিগরি শিক্ষা খাতে এবং ৫০ লাখ ইউরো ব্যয় হবে কারিগরি সহায়তা খাতে।