স্পোর্টস রিপোর্টার
ঢাকায় পা রাখার কয়েক ঘন্টা পরই গত বুধবার চট্টগ্রামে উড়াল দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসা ক্যারিবিয়ান গত কয়েকদিন ধরে অনুশীলন করছে চট্টগ্রামে। কন্ডিশনে মানিয়ে নিতে আজ বিসিবি একাদশের বিরুদ্ধে দুই দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে উইন্ডিজরা। এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
বিসিবি একাদশের নেতৃত্ব দিবেন রুবেল হোসেন। টেস্ট দলে সুযোগ পাওয়া মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, নাঈম হাসান আছেন বিসিবি একাদশে। গতকালই বিসিবি একাদশের ক্রিকেটাররা চট্টগ্রামে গিয়েছেন। দলে সুযোগ পেয়েছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। বিশেষ করে লেগ স্পিনার রিশাদ আহমেদ, ডানহাতি পেসার রবিউল ইসলাম, বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম, বাঁহাতি কিপার-ব্যাটসম্যান জাকির হাসানের দিকে নজর থাকবে নির্বাচকদের।
বিসিবি একাদশ
রুবেল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, জাকির হাসান, মিজানুর রহমান, ফজলে মাহমুদ রাব্বি, এবাদত হোসেন, সাদমান ইসলাম, নাজমুল ইসলাম শান্ত, নাঈম হাসান, শফিউল ইসলাম, রবিউল হক, মোহাম্মদ মিঠুন, রিশাদ আহমেদ।