কুমিল্লায় তুচ্ছ ঘটনায় যুবক খুন

কুমিল্লায় মো. এজাজ (৩০) নামে এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে নগরীর হাউজিং এস্টেটের ৩নং সেকশনের ৬৩নং বাড়ির সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এজাজ ওই এলাকার সেকান্দর আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, দেবিদ্বার উপজেলার স্থায়ী বাসিন্দা মো. দুলাল হোসেন হাউজিং এস্টেট ৩নং সেকশন এলাকার শহীদুল হক দুলালের মেয়ে সানজিদা সুলতানা মুন্নীকে বিয়ে করে। দাম্পত্য জীবনে তাদের দুটি সন্তান রয়েছে। এদিকে একাধিক মামলায় আসামি হয়ে দুলাল দীর্ঘদিন যাবত্ কারাগারে ছিল। কয়েকদিন আগে দুলাল জামিনে কারাগার থেকে বের হয়ে সোমবার বিকালে দুলাল মুন্নীর হাউজিং এস্টেটের বাড়িতে আসে। এসময় উভয়ের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এসময় বিরোধ থামাতে প্রতিবেশী এজাজ এগিয়ে আসলে মুন্নীর স্বামী দুলাল ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতারি কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে ঢাকায় নেয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে সে মারা যায়।

কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন জানান, ‘এজাজের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আহত মুন্নী কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। মুন্নীর স্বামী দুলালের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।’