অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে জরিমানা

রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে বালু তোলার খননযন্ত্র নষ্ট করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার বিকালে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের কদমতলী এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে বালু তোলার অবৈধ খননযন্ত্র পুড়িয়ে দেওয়া হয়েছে এবং অবৈধ বালু উত্তোলনের দায়ে ত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আদালতে নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান।

ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কর্ণফুলী নদীর কদমতলী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল জনৈক আইয়ুব। এই নিয়ে সমপ্রতি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বালু তোলার খনন যন্ত্র পুড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এরপরেও সে একই স্থানে আবারো বালু উত্তোলন অব্যাহত রেখেছিল। খবর পেয়ে সোমবার বিকালে এই এলাকায় আবারো ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে তার বালু তোলার খননযন্ত্রটি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং বালু উত্তোলনকারী আইয়ুবের কাছ থেকে বালি ব্যবস্থাপনা ও মাটি আইনে ত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।