বাহুবলে অস্ত্র ও গুলিসহ ডাকাত গ্রেফতার

হবিগঞ্জের বাহুবল থেকে অস্ত্র, গুলি ও ডাকাতির মালামালসহ এক ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার তাকে ওই উপজেলার বাটপাড়া গাজীপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত ওই গ্রামের আব্দুস সালামের ছেলে লুত্ফুর রহমান (২৯)। তার নিকট থেকে ৩ রাউন্ড গুলি, ২টি পাইপগান, ৬টি দেশীয় অস্ত্র ও ডাকাতির মালামাল উদ্ধার করা হয়।

র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মাঈনউদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, লুত্ফুরের বিরুদ্ধে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার র্যাব-৯ সিলেটের এএসপি আফজাল হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। তারা ওই গ্রামের ইলিয়াস আহম্মদের টিনশেড বিল্ডিংয়ের ভেতর থেকে লুত্ফুরকে গ্রেফতার করে। তাকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।