বাঘায় এক কেন্দ্রে দুই পরীক্ষার্থী, তাও অনুপস্থিত!

চলতি এসএসসি পরীক্ষায় রাজশাহীর বাঘা উপজেলার একটি কেন্দ্রে দুইজন শিক্ষার্থীর পরীক্ষা দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তারা উপস্থিত হয়নি। অথচ সোমবার পরীক্ষা কেন্দ্রে তাদের জন্য অপেক্ষমাণ ছিল তিন শিক্ষকসহ সাত কর্মকর্তা-কর্মচারী। উপজেলার আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই অনুপস্থিতির ঘটনা ঘটে।

আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব সঞ্জয় কুমার দাস বলেন, উপজেলার বাউসা ইউনিয়নের খোর্দ্দবাউসা উচ্চ বিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আছরিফা খাতুন ও ছনিয়া খাতুন পরীক্ষা দেওয়ার জন্য ফরম পূরণ করেছিল। তাদের ফরম পূরণ অনুযায়ী রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, উত্তরপত্র ও প্রশ্ন সরবরাহ করে আমার কেন্দ্রে। সে লক্ষে নির্ধারিত সময়ের মধ্যে প্রশ্ন সংগ্রহ, পুলিশ উপস্থিতি এবং হল সুপার ও কক্ষ পরিদর্শকসহ কর্মকর্তা-কর্মচারী মিলে আমি মোট সাতজনকে দায়িত্বে রাখি।

তবে খোর্দ্দবাউসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মতিন দাবি করেছেন, আছরিফা খাতুন ও ছনিয়া খাতুন আমাদের স্কুলের ছাত্রী। গত বছর তারা দুইজনের কেউই পরীক্ষায় অংশগ্রহণ করেনি। এবার তারা এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য ফরম পূরণ করলেও কি কারণে পরীক্ষায় অংশ নেয়নি তা আমার জানা নেই। তবে শুনেছি তাদের বিয়ে হয়ে গেছে।