ভাঙ্গায় পরীক্ষা কেন্দ্রে অবৈধ প্রবেশের দায়ে দুই সাংবাদিকের কারাদণ্ড

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার এসএসসি পরীক্ষা কেন্দ্রে অবৈধভাবে প্রবেশের দায়ে দুই সাংবাদিককে এক মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তরা হলেন— ভোরের ডাক পত্রিকার ভাঙ্গা সংবাদদাতা হাজী সাইফুল্লাহ শামিম ও দৈনিক জনতা পত্রিকার ভাঙ্গা প্রতিনিধি রবিউল ইসলাম। মঙ্গলবার বেলা সোয়া ১১টার সময় উপজেলার পৌরসদরের ভেন্যু কেন্দ্র সরকারি কেএম কলেজে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

ফরিদপুর জেলা প্রশাসক উম্মে ছালমা তানজিয়া ঐ কেন্দ্রে পবেশ করে তাদের পরীক্ষা হলের ভেতরে পেয়ে তাদের পরিচয় জানতে চায়।

এ সময় তাদের কাছে পরিচয়পত্র এবং পরীক্ষা কেন্দ্রে প্রবেশে অনুমতি বিষয়ে জানতে চাইলে তার সেসব দিতে ব্যর্থ হয়। পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা জারি করা সত্ত্বেও বিনা অনুমতিতে পরীক্ষা চলাকালে হল কক্ষে প্রবেশের দায়ে হাজী সাইফুল্লাহ শামিম ও রবিউল ইসলাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পরবর্তীতে দুই সাংবাদিককে পুলিশে হস্তান্তরসহ তাদের ফরিদপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।