নাগেশ্বরীতে কে হচ্ছেন নৌকার প্রার্থী

উপজেলা পরিষদ নির্বাচনে নাগেশ্বরীতে চেয়ারম্যান পদে চূড়ান্ত মনোনয়নের জন্য সম্ভাব্য তিনজন প্রার্থীর নাম কেন্দ্রে পাঠিয়েছে উপজেলা আওয়ামী লীগ। এদের মধ্যে শেষ পর্যন্ত কে হচ্ছেন নৌকার প্রার্থী এ নিয়ে ভোটারদের মধ্যে চলছে আলোচনা।

গত ২৮ জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতার আগ্রহ প্রকাশ করে ১০ জন নেতাকর্মী। তাদের মধ্য থেকে সম্ভাব্য তিনজন প্রার্থীকে বাছাই করা হয়। তারা হলেন— জেলা কৃষকলীগ সভাপতি মজিবুর রহমান বীরবল, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জেলা পরিষদ সদস্য মোস্তফা জামান, সন্তোষপুর ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী লাকু। পরে চূড়ান্ত মনোনয়নের জন্য তাদের নাম কেন্দ্রে পাঠানো হয়। এদের মধ্যে কে পাচ্ছেন মনোনয়ন কেন্দ্রিয় এ সিদ্ধান্ত আসার আগেই গণসংযোগে নেমে পড়েছেন প্রত্যেকেই। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা ছুটছেন শহর, পাড়া-মহল্লা ও গ্রাম-গঞ্জের প্রত্যেকটি বাড়িতে। চাচ্ছেন দোয়া ও সমর্থন।