হতদরিদ্র পরিবারের মেধাবী সন্তান সুকুমার রায়কে নিয়ে গত মঙ্গলবার দৈনিক ইত্তেফাকে একটি খবর প্রকাশিত হয়। ‘অর্থাভাবে সুকুমারের বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত” শিরোনামে প্রকাশিত সচিত্র প্রতিবেদনটি নজরে আসে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম গোলাম কিবরিয়ার। পরে সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুকুমার রায়ের ভর্তির জন্য তাঁকে নগদ চার হাজার টাকা প্রদান করা হয়। নীলফামারী জেলা প্রশাসক নাজিয়া শিরিন সৈয়দপুর উপজেলা প্রশাসনের সহায়তার ওই অর্থ সুকুমার রায়ের হাতে তুলে দেন। এ সময় সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্জাহান পাশা উপস্থিত ছিলেন। সুকুমার রায়ের পাশে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে এগিয়ে আসেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক। তাঁর নির্দেশে অধিদপ্তরের পরিচালকের (অর্থ ও প্রশাসন) সহযোগিতায় ফায়ার সার্ভিস এর কল্যাণ তহবিল হতে ১৫ হাজার টাকা, রেলওয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা ১৫ হাজার টাকা, সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. হোমায়রা মণ্ডল দুই হাজার টাকা প্রদান করেন। এ ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক ব্যক্তি, প্রতিষ্ঠানের কর্মকর্তারা মুঠোফোনে যোগাযোগ করে মেধাবী সুকুমার রায়ের উচ্চ শিক্ষায় আর্থিক সহযোগিতা আশ্বাস দেন।