সংবাদ সংক্ষেপ

খোকসায় মোবাইল কোর্টের অভিযানে জরিমানা

খোকসা (কুষ্টিয়া) সংবাদদাতা খোকসায় মোবাইল কোর্টের অভিযানে দুই লাখ টাকা জরিমানা আদায়। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাফ্ফারা তাসনীন উপজেলার মোড়াগাছায় এম এ ব্রিকসে অভিযান চালিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে দুই লাখ টাকা জরিমানা করে। এ সময় উপস্থিত ছিলেন মেহেদী মাসুদ, অফিসার ইনচার্জ খোকসা থানা।

বাঞ্ছারামপুরে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী

বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা বাঞ্ছারামপুরে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগসমূহের ব্রান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা,  টেকসই উন্নয়নের লক্ষ্যে ভিশন-২০২১ লক্ষ্য অর্জনসমূহ এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে জনগণকে অবহিতকরণে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন মহিলা ভাইস  চেয়ারম্যান জলি আমির, ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহা, জেলা তথ্য কর্মকর্তা আসাদুজ্জামান কাউসার, ওসি কামরুজ্জামান, সহকারী তথ্য কর্মকর্তা দীপক চন্দ্র দাস প্রমুখ।

সোনাতলা সরকারি নাজির আখতার কলেজে অভিভাবক সমাবেশ

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা সোনাতলা সরকারি নাজির আখতার (অনার্স) কলেজে গতকাল মঙ্গলবার দুপুরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ প্রফেসর মোঃ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন উপাধ্যক্ষ আবু তালহা মোহাঃ মনিরুল ইসলাম, সহকারী অধ্যাপক আব্দুল কাদের, প্রভাষক শাহজাহান আলী, আতিকুর রহমান, মিনহাজুর রহমান, অভিভাবক জাহাঙ্গীর আলম, এনামুল হক, রাশেদা বেগম, রওশন আরা বেগম, সম্পা বেগম ও কাজল বেগম প্রমুখ।

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন

বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা বালিয়াকান্দিতে এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী। গতকাল মঙ্গলবার বালিয়াকান্দি উপজেলার বহরপুর উচ্চ বিদ্যালয়, বালিয়াকান্দি সরকারি কলেজ, বালিয়াকান্দি দাখিল মাদরাসা, বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও বালিয়াকান্দি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার  মোঃ ফারুক হোসেন, কেন্দ্র সচিব আব্দুস সালাম।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের দাবিতে মঙ্গলবার নেত্রকোনায় মানববন্ধন হয়েছে। নেত্রকোনা জেলা ছাত্র ইউনিয়নের উদ্যোগে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই মানববন্ধন পালিত হয়। সর্বস্তরে বাংলাভাষার প্রচলন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের দাবি জানিয়ে বক্তব্য রাখেন আবু আব্বাস কলেজের সহকারী অধ্যাপক নাজমুল কবীর সরকার, রাজুর বাজার কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ গোলাম মোস্তফা, উন্মেষ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক উত্তম চক্রবর্তী প্রমুখ। এর আগে নেত্রকোনা আবু আব্বাস ডিগ্রি কলেজ ও রাজুর বাজার উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কেও একই দাবিতে মানববন্ধন পালিত হয়।

পীরগঞ্জে হত্যার বিচার

দাবিতে মানববন্ধন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা পীরগঞ্জ উপজেলার জয়কুড় গ্রামের ভূমিহীন কমলা কান্ত রায় কানু হত্যার ন্যায়বিচার দাবিতে মঙ্গলবার দুপুরে মানববন্ধন করে জয়কুড় জনসংগঠনের ভূমিহীন সদস্যরা। পীরগঞ্জ উপজেলা পরিষদের সামনের সড়কে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা ভূমিহীন সমন্বয় কমিটির নির্বাহী সদস্য এনামুল হক, কাঞ্চন বেগম, উপজেলা ভূমিহীন সমন্বয় কমিটির সম্পাদক জোত্সা বেগম ও মোঃ রাজ্জাক।

উল্লেখ্য, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ২০১২ সালের ৩ জুলাই প্রতিপক্ষের লোকজন জয়কুড় জনসংগঠনের সদস্য কমলা কান্ত রায় কানুকে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে হত্যা করে। মামলাটি বর্তমানে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে।