কাউখালী লঞ্চঘাটে ঢাকামুখী মানুষের ভিড়

২৩ জুলাই ভোর থেকে কঠোর বিধিনিষেধ শুরু হওয়ায় ঈদের দ্বিতীয় দিন বৃহস্পতিবার পিরোজপুরের কাউখালীসহ উপকূলীয় এলাকায় অসংখ্য যাত্রী ঢাকা ও চট্টগ্রাম ফিরতে শুরু করেছে। এ কারণে কাউখালী-চাঁদপুর-ঢাকা নৌরুটে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল।

কাউখালী ঘাটে ঢাকামুখী মানুষ এবং বেকুটিয়া ফেরিঘাটে যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মতো। এ সময় স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই ছিল না। অনেকের মুখে মাস্ক দেখা যায়নি। থাকলেও তা ছিল থুতনির নিচে। আবার লঞ্চগুলোতে একজন আরেকজনের সঙ্গে গা ঘেঁষে বসে যাচ্ছেন।

বৃহস্পতিবার দেখা গেছে- লঞ্চ ঘাট থেকে এমভি টিপু-১২, অগ্রদূত প্লাস, ফারহান-১০ অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে কাউখালী ঘাট ত্যাগ করে। 

অপরদিকে সরকারি (বিআইডব্লিউটিসি) স্টিমার এমভি বাঙালি  মোড়লগঞ্জ, মাছুয়া, হুলার হাট থেকে যাত্রী নিয়ে কাউখালী ঘাটে ভিড়লেও স্টিমারে ছিল যাত্রীদের প্রচণ্ড ভিড়। 

কাউখালী, রাজাপুর, স্বরূপকাঠি, ঝালকাঠি একাংশের হাজারও মানুষ কাউখালী লঞ্চঘাট থেকে যাতায়াত করে থাকে। এ কারণে ভিড় একটু  বেশি বলে সংশ্লিষ্টরা জানান।

 

ইত্তেফাক/ইউবি