এবারের বইমেলা সত্যিকার অর্থেই দৃষ্টিনন্দন হয়ে উঠেছে। প্রশস্ত পথ। ঘোরানো পেঁচানো ডিজাইনের পরিবর্তে সোজা সরল ইট বিছানো পথের দুধারে বইয়ের স্টল। এর মাঝে দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন পাঠকদের কাছে বাড়তি আকর্ষণ হিসেবে হাজির হয়। অনেকেই বইমেলার ফাঁকে প্যাভিলিয়নগুলোর সামনে দাঁড়িয়ে তুলছেন সেলফি।
এবারের মেলায় দর্শকদের বেশি আকর্ষণ করছে পাঞ্জেরী পাবলিকেশন্সের প্যাভিলিয়ন। দেশবরেণ্য লেখকদের স্কেচ অবলম্বনে তারা নির্মাণ করেছেন প্যাভিলিয়নটি। এতে স্থান পেয়েছেন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানসহ বেশ কয়েক জন লেখকের স্কেচ। দোতলার বারান্দায় দাঁড়িয়ে একা হুমায়ূন। অন্য প্রকাশ প্রতিবারের মতো এবারও হুমায়ূন আহমেদকে অবলম্বন করে সাজিয়েছে প্যাভিলিয়ন। এক এক ইউনিটের স্টলটিকে মসজিদের গম্বুজের আকৃতিতে নান্দনিক স্টল নির্মাণ করেছে শুদ্ধ প্রকাশ। কথা প্রকাশের প্যাভিলিয়নের নন্দনশৈলীর সঙ্গে উজ্জ্বল লাল সবুজ রঙের ব্যবহার আকর্ষণীয় করে তুলেছে। টিনের চালার আদলে এবার স্টল বানিয়েছে তাম্রলিপি ও ইত্যাদি গ্রন্থ প্রকাশ। এ ছাড়াও নান্দনিক প্যাভিলিয়ন সাজিয়েছে মাওলা ব্রাদার্স, প্রথমা, ঐতিহ্য।