নড়াইল-২ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা গতকাল মঙ্গলবার সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন। এমপি হিসাবে গত ৩ জানুয়ারি শপথ নেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জনপ্রিয় এই অধিনায়ক।
একাদশ সংসদের প্রথম অধিবেশন গত ৩০ জানুয়ারি শুরু হলেও গতকালই প্রথম সংসদে যান মাশরাফি। স্পিকারের ডানদিকে এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিছনে সপ্তম সারিতে নিজ আসনে বসেন তিনি। মাগরিবের নামাজের বিরতির সময় তিনি চলে যান। সাদা শার্টের উপর কালো কোট পরিহিত মাশরাফিকে আসনে বসে সংসদের দিনের কার্যসূচিসহ টেবিলে থাকা প্রশ্নোত্তর ও কাগজপত্র পড়তে দেখা যায়। বেশ ক’জন এমপি উঠে গিয়ে তার সঙ্গে কুশল বিনিময় করেন। অধিবেশন কক্ষ ত্যাগের সময়ও মাশরাফির সঙ্গে অনেক এমপি, মন্ত্রী-প্রতিমন্ত্রীর কুশল বিনিময় করতে দেখা গেছে। এছাড়া তরুণ কয়েকজন এপিকে দেখা গেছে মাশরাফির সঙ্গে লবিতে মোবাইলে সেলফি তুলতে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ইত্তেফাককে বলেন, ‘যাদের সঙ্গে কুশল বিনিময় হয়েছে তাদের মাশরাফি বলেছেন, আমি নতুন এমপি, আপনাদের সবার সহযোগিতা চাই, আমার এলাকার উন্নয়নে কীভাবে কী করা যায় আপনারা পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করবেন।’