দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার দুপুর ১টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ মিছিল বের হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিক্ষোভ মিছিলটি বিএনপির কার্যালয়ের সামনে থেকে ফকিরাপুল হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে ঢাকা মহানগর যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে শ্লোগান দিতে থাকেন।
রুহুল কবির রিজভী বলেন, দেশ এখন অন্ধকারে নিমজ্জিত। চারিদিকে ভীতি ও শঙ্কা আসন গেড়ে বসেছে। বেগম জিয়া চরম অবিচার ও প্রতিহিংসার শিকার। অবিলম্বে বেগম জিয়াসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি দিতে হবে।