‘বাচ্চু ভাইয়ের স্মরণে পরিবর্তন-এর ১১ মিনিট’

বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’। অনুষ্ঠানটি পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ। বিটিভির পর্দায় আজ বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তনের ২৯তম পর্ব প্রচার হবে। অনুষ্ঠানের ১১ মিনিট উত্সর্গ করা হয়েছে সদ্যপ্রয়াত রক লিজেন্ড আইয়ুব বাচ্চুকে। সেই প্রসঙ্গের পাশাপাশি আইয়ুব বাচ্চুর সাথে নিজের অভিজ্ঞতার কথাগুলো বললেন বিনোদন প্রতিদিনের কাছে—

বাচ্চু ভাইকে নিয়ে অনেক স্মরণীয় ঘটনা রয়েছে। একবার আমার একটি গানের কাজ তিনি করে দিয়েছেন। সম্মানির বিষয়ে কথা বলতে গেলে তিনি কোনো সম্মানি নিলেন না। অনেক খারাপ সময় এই মানুষটিকে কাছে পেয়েছি।

বিটিভিতে যখন ‘আজকাল’ অনুষ্ঠান করতাম তখনকার অনেক স্মৃতি রয়েছে।

‘পরিবর্তন’-এর নতুন পর্ব আজ প্রচার হবে। এ প্রসঙ্গে শুরুতে জানতে চাই—

এবারের পরিবর্তন অন্য সময়ের চেয়ে আমার কাছে আলাদা। বাচ্চু ভাইকে স্মরণ করে এবার ‘পরিবর্তন’ আয়োজন করা হয়েছে। তার গাওয়া ৫টি জনপ্রিয় গানের সমন্বয়ে জাহিদ বাশার পংকজের নতুন কম্পোজিশনে এ প্রজন্মের ৪ জন কণ্ঠশিল্পী শুভ, তানভীর তারেক, কর্ণিয়া ও বৃষ্টির কণ্ঠে থাকছে ১১ মিনিটের একটি পরিবেশনা। বাচ্চু ভাইয়ের স্মরণে ‘পরিবর্তন’-এর ১১ মিনিট।

আইয়ুব বাচ্চুর প্রয়াণের পর আমাদের টিভিশোগুলোতে তার স্মরণে সেভাবে উল্লেখ করা মতো আয়োজন নেই। এ প্রসঙ্গে কী বলবেন?

এ বিষয়টি নিয়ে আমি বলতে পারবো না। তবে আমি মনে করেছি এটি আমার দায়িত্ব। সেই দায়িত্ববোধ নিয়ে কাজটি করেছি।

আইয়ুব বাচ্চুকে নিয়ে আপনার স্মরণীয় কোনো ঘটনার কথা বলুন—

বাচ্চু ভাইকে নিয়ে অনেক স্মরণীয় ঘটনা রয়েছে। একবার আমার একটি গানের কাজ তিনি করে দিয়েছেন। সম্মানির বিষয়ে কথা বলতে গেলে তিনি কোনো সম্মানি নিলেন না। অনেক খারাপ সময় এই মানুষটিকে কাছে পেয়েছি। বিটিভিতে যখন ‘আজকাল’ অনুষ্ঠান করতাম তখনকার অনেক স্মৃতি রয়েছে।

পরিবর্তনের অন্যান্য আয়োজন প্রসঙ্গে বলুন—

মোট ১৬টি পরিবেশনা থাকছে এবারের পরিবর্তনে। নৃত্য পরিচালক ও নৃত্যশিল্পী লিখন রায়ের পরিচালনায় চন্দন সিনহা ও সিঁথি সাহার গাওয়া একটি রোমান্টিক দ্বৈত গানের সাথে নৃত্য কথার সহশিল্পীদের নিয়ে পরিবেশন করবেন জনপ্রিয় নৃত্যশিল্পী জুটি লিখন ও নাদিয়া। মিলনায়তনের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত ৩ জন দর্শককে নিয়ে দর্শক প্রতিযোগিতা পর্ব সাজানো হয়েছে ৩টি বিষয় নিয়ে করা বিভিন্ন কুইজের মাধ্যমে। এরমধ্যে রয়েছে উত্তরসূরি, সমার্থক শব্দ ও বিপরীত শব্দ।

ম্যাগাজিন অনুষ্ঠানের সংখ্যা আগের চেয়ে কমেছে। এ প্রসঙ্গে কী বলবেন?

এর অনেকগুলো কারণ রয়েছে। একটি ম্যাগাজিন অনুষ্ঠানের জন্য যে পরিমাণ বাজেট প্রয়োজন হয় তা অনেক চ্যানেল খরচ করতে হয়তো চায় না। বিটিভির নিজেস্ব জায়গা থাকায় তাদের ক্ষেত্রে করাটা অনেকটা সহজ। তবে এখন কর্পোরেট স্পন্সর বেড়েছে। সেদিক থেকে চ্যানেলগুলোর উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে।