বিনোদন রিপোর্ট
ভাষার মাসে মুক্তি পাচ্ছে তৌকীর আহমেদ পরিচালিত নতুন ছবিটি ‘ফাগুন হাওয়ায়’। এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন নুশরাত ইমরোজ তিশা ও সিয়াম আহমেদ। ছবিটিতে নাসির চরিত্রে অভিনয় করেছেন সিয়াম ও দীপ্তি চরিত্রে অভিনয় করেছেন তিশা। পাকিস্তানি পুলিশ কর্মকর্তা জামশেদ চরিত্রে অভিনয় করেছেন বলিউডের শক্তিমান অভিনেতা ইয়াশপাল শর্মা। ছবিটির মুক্তি উপলক্ষে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে ফাগুন হাওয়ায়র প্রথম পোস্টার। যেখানে পঞ্চাশের দশকের সাজসজ্জায় হাজির হয়েছিলেন তিশা ও সিয়াম আহমেদ।
ছবির পরিচালক তৌকীর আহমেদ জানান, ছবির গল্প ১৯৫২ সাল আর ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে। সেসময়ের বাংলাদেশের এক মফস্বল শহরের গল্প তুলে ধরা হয়েছে এ ছবিতে। টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ফাগুন হাওয়ায়। এ ছবিতে আরো অভিনয় করেছেন আবুল হায়াত, আফরোজা বানু, ফারুক হোসেন, ফজলুর রহমান বাবু, সাজু খাদেম, রওনক হোসেন আজাদ সেতু, আবদুর রহিম, হাসান আহমেদ প্রমুখ।