অবশেষে পুলিশের জালে আটকা পড়ল ১০ মামলার আসামি সন্ত্রাসী ক্যাম্বেল

কুমিল্লা প্রতিনিধি

দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে ছিনতাইকালে পুলিশের জালে আটকা পড়েছেন সোহেল ওরফে সোহাগ ওরফে ক্যাম্বেল (৩০)। মঙ্গলবার (২৭ জুলাই) কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা থিরাপুকুরপাড় এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। ক্যাম্বেল ঐ এলাকার আলমগীর হোসেনের ছেলে এবং সে চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজিসহ দ্রুত বিচার আইনে দায়ের করা ১০ মামলার আসামি ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। এসময় সন্ত্রাসী ক্যাম্বেলের সহযোগী আরো দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। কোতয়ালি মডেল থানা পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, নগরীর দক্ষিণ চর্থা থিরাপুকুরপাড় এলাকায় ক্যাম্বেল তার সহযোগী অপর ছিনতাইকারীদের নিয়ে সড়কে চলাচলকারী লোকজনকে ছুরি ও ধারাল অস্ত্রের ভয় দেখিয়ে মালামাল ছিনতাই করছে— এমন খবরের ভিত্তিতে কোতয়ালি মডেল থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এএসআই হান্নান আল-মামুন ও এএসআই রুবেল মাহমুদসহ পুলিশের টিম মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সেখানে অভিযান পরিচালনা করে। এসময় একটি ছুরিসহ সন্ত্রাসী ক্যাম্বেলকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তার সহযোগী জেলার দেবীদ্বার উপজেলার বারেরা গ্রামের বিল্লালের ছেলে হেলাল (২১) ও ফেনীর ফুলগাজী উপজেলা সদর এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে শরীফকে (২২) গ্রেফতার করে। অভিযান পরিচালনাকালে ধস্তাধস্তির সময় এএসআই হান্নান আল-মামুনের পায়ে রক্তাক্ত জখম হয়। কোতয়ালি মডেল থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ‘ক্যাম্বেল ঐ এলাকার আতঙ্ক এবং সে পুলিশের তালিকাভুক্ত একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, দ্রুত বিচার আইনসহ ১০টি মামলা চলমান রয়েছে। এর মধ্যে সে চারটি মামলার গ্রেফতারি পরোয়ানার আসামি। সে দীর্ঘদিন ধরে পলাতক থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। ছিনতাইকালে তাকেসহ তার অপর দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ক্যাম্বেলসহ তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে থানায় একটি মামলা হয়েছে। বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’