‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারায়ণগঞ্জে বিকেএমইএ পরিচালনা হচ্ছে’

নীট গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএ ২০১৬-২০১৮ সালের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রুটের সস্তাপুর এলাকায় অবস্থিত নাসিম ওসমান মেমোরিয়াল পার্কের অভ্যন্তরের সংগঠনটির প্রায় ১ হাজার সদস্যের উপস্থিতিতে উক্ত ইজিএম ও সন্ধ্যা সাড়ে ৭টায় এজিএম অনুষ্ঠিত হয়।

অপরদিকে রাত ৮টায় একই স্থানে সংগঠনটির ২২ বছর পূর্তি উপলক্ষে সদস্য প্রতিষ্ঠানের পুর্নমিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত পুর্নমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। বার্ষিক সাধারণ সভায় সংগঠনটির সভাপতি ও সদর-বন্দর আসনের সংসদ সদস্য সেলিম ওসমান উপস্থিত ছিলেন। 

সভায় বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ছিল নারায়ণগঞ্জ থেকে বিকেএমইএ এর সকল কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। সেই মোতাবেক বিকেএমইএ চাষাঢ়ায় নবাব সলিমুল্লাহ রোডে খাজা সুপার মার্কেটের পেছনের অংশে ২০০৪ সালে ৬৫ লাখ ৪৬ হাজার ৫’শ টাকা মূল্যে ১০ দশমিক ৬২ শতাংশ জমি ক্রয় করে ছিল। যেখানে ২০১৬ সালের ৯ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া ইজিএমে সদস্যবৃন্দরা বিকেএমইএ কমপ্লেক্স নির্মাণের জন্য ১৫ কোটি টাকার বাজেট অনুমোদন দিয়ে ছিলেন। ইতোমধ্যে কমপ্লেক্স নির্মাণ কাজে বেইজমেন্ট ও গ্রাউন্ড ফ্লোর তৈরিতে ২ কোটি ৪৫ লাখ ৯৪ হাজার টাকা ব্যয় করেছে। কিন্তু বিকেএমইএ এর ক্রয়কৃত জায়গার সামনের অংশের জমি টুকু কখনো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), কখনো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, আবার কখনো বা ব্যক্তিগত মালিকানা দাবি করা হয়েছে। বর্তমানে জমিটি নিয়ে রাজউকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দায়ের করা মামলা চলমান রয়েছে। এমতাবস্থায় ২০১৯ সালের ৩১ মার্চের মধ্যে যদি উক্ত অংশ টুকু নিয়ে মামলা মোকাদ্দমা শেষ না হয়, সেক্ষেত্রে বিকেএমইএ এর পরিচালনা পর্ষদের ২০১৬ সালের ইজিএমে অনুমোদিত হওয়া বাজেটের ১৫ কোটি টাকা থেকে অন্যত্র নতুন জমি ক্রয় করে বিকেএমইএ কমপ্লেক্স নির্মাণ করা হবে বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

এজিএম ও ইজিএম শেষে সংগঠনটির ২২ বছর পূর্তি উপলক্ষে সদস্য প্রতিষ্ঠানের পুর্নমিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। ২২০ পাউন্ডের কেক কেটে বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে বিকেএমইএ সদস্যবৃন্দদের পক্ষ থেকে বিকেএমইএ গঠনে মূল ভূমিকা পালন করা, ব্যবসায়ী হিসেবে ৮বার সিআইপি (শিল্প ও রপ্তানি) নির্বাচিত হওয়া এবং পরবর্তীতে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সংগঠনটির সভাপতি একেএম সেলিম ওসমানকে ৫৩ ভরি রোপ্য খচিত একটি সম্মাননা পদক উপহার প্রদান করা হয়। 

ইত্তেফাক/জেডএইচ