ইত্তেফাক রিপোর্ট
চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই থেকে ডিসেম্বর) বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে ২৮৮ কোটি ৫০ লাখ ডলার ছাড় করেছে উন্নয়ন সহযোগীরা। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৬ কোটি ৮০ লাখ ডলার বেশি। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ তথ্যে দেখা যায়, ডিসেম্বর পর্যন্ত উন্নয়ন সহযোগীরা ঋণ হিসেবে ছাড় করেছে ২৭৩ কোটি ৫০ লাখ ডলার। আর অনুদান হিসেবে ছাড় হয়েছে ১৫ কোটি ডলার।
গত অর্থবছরে ৬শ কোটি ডলারের বেশি ছাড় করেছিল উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থাগুলো। চলতি অর্থবছর মেট্রোরেল, পদ্মা রেল সংযোগ, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্পসহ মেগা প্রকল্প বাস্তবায়ন কাজ চলমান রয়েছে। তাই এবার গত বছরের চেয়ে বেশি বৈদেশিক অর্থ ছাড়ের আশা করছেন ইআরডির কর্মকর্তারা। এসব বিবেচনায় চলতি অর্থবছরের জন্য সরকার ৭শ কোটি ডলারের বেশি বিদেশি সহায়তা ছাড়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ইআরডির হালনাগাদ তথ্যানুযায়ী চলতি অর্থবছরের ছয় মাসে সরকার উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থাগুলোর ঋণের সুদআসল বাবদ ৭৪ কোটি ৭৬ লাখ ডলার পরিশোধ করেছে। এরমধ্যে আসল হিসেবে পরিশোধ করা হয়েছে ৫৬ কোটি ৯৬ লাখ ডলার, আর সুদ হিসেবে পরিশোধ করা হয়েছে ১৭ কোটি ৮০ লাখ ডলার।