বগুড়া-বাগবাড়ি-ধুনট সড়কে ইছামতি নদীর ওপর দুটি বেইলি ব্রিজ ঝুঁকিপূর্ণ

বগুড়া-বাগবাড়ি-ধুনট সড়কে ইছামতি নদীর ওপর স্থাপিত দু’টি বেইলি ব্রিজ দীর্ঘদিন যাবত্ ঝুঁকিপূর্ণ হয়ে পড়লেও ওই ব্রিজের ওপর দিয়ে ঝুঁকি নিয়েই যানবাহন ও লোকজন চলাচল করছে। এভাবে ঝুঁকি নিয়ে চলাচল করায় যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। বগুড়া শহরের সঙ্গে গাবতলী ও ধুনট উপজেলার যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ওই সড়কে ইছামতি নদীর ওপর ২৫/৩০ বছর আগে বেইলি ব্রিজ দুটি স্থাপন করা হয়েছিল। দীর্ঘ সময় যানবাহন চলাচল করায় ইতোমধ্যে বেইলি ব্রিজ দু’টির স্থায়িত্ব শেষ হয়ে গেছে। এখন জোড়াতালি দিয়ে কোনোমতে সচল রাখা হয়েছে।

ধুনট থেকে বাগবাড়ী হয়ে বগুড়া শহরের দূরত্ব ২৫ কিলোমিটার। কিন্তু ঝুুঁঁকিপূর্ণ ব্রিজের কারণে ওই পথে মালামাল বোঝাই ভারী যানবাহন সরাসরি চলাচল করতে পারে না। সে কারণে ধুনট থেকে শেরপুর হয়ে বগুড়া শহরে যেতে অতিরিক্ত ১১ কিলোমিটার পথ বেশি ঘুরতে হয়। এতে সময় ও অর্থব্যয় হয় বেশি। এ ছাড়া গাবতলীর নসিপুর, মহিষাবান, বালিয়াদিঘী ও নাংলু ইউনিয়নের অর্ধশত গ্রামের মানুষ বেইলি ব্রিজ  সড়কে বগুড়া শহরে যাতায়াত করে থাকে।

নসিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিন্টু বলেন, এ এলাকা খুবই অবহেলিত। আমরা অনেক দিন ধরে ইছামতি নদীর ওপর ঢালাই ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছি। কিন্তু কোনো কাজ হচ্ছে না। সড়ক ও জনপথ বগুড়া বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান বলেন, ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ মেন্টেনেন্স করা কঠিন হয়ে পড়েছে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে প্রধান প্রকৌশলীর দপ্তরে চিঠি দেওয়া হচ্ছে।