চুয়েটের ইসিই অনুষদের আন্তর্জাতিক সম্মেলন আজ শুরু

 চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর তড়িত্ ও কম্পিউটার কৌশল (ইসিই) অনুষদ-এর উদ্যোগে তিনদিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন আজ বৃহস্পতিবার থেকে কক্সবাজারে শুরু হতে যাচ্ছে। ইলেকট্রিক্যাল, কম্পিউটার ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং শীর্ষক সম্মেলনে বাংলাদেশসহ ১০টি দেশের খ্যাতনামা একাডেমিশিয়ান, সায়েন্টিস্ট, রিসার্চার, স্কলারস, ডিসিশন মেকার্সগণ অংশ নেবেন। এতে ৮টি মূল প্রবন্ধ উপস্থাপন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।

গতকাল বুধবার কক্সবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সম্মেলনের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। তিনি জানান, আন্তর্জাতিক সম্মেলনে ৪র্থ শিল্প বিপ্লবসহ তড়িত্ ও কম্পিউটার কৌশল বিষয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপিত হবে।