হ্যাজার্ডের জন্য ১০০ মিলিয়নের বেশি চাইবে চেলসি

 স্পোর্টস ডেস্ক

রিয়াল মাদ্রিদ যদি ইডেন হ্যাজার্ডকে সামনের গ্রীষ্মে সই করাতে চায়, তাহলে চেলসি স্ট্রাইকারটির জন্য ১০০ মিলিয়ন পাউন্ডের বেশি চাইবে।

হ্যাজার্ড চেলসিতে তার ভবিষ্যত্ নিয়ে নতুন করে সংশয় জাগিয়েছেন। বিশেষ করে আরএমসি স্পোর্টকে যখন তিনি বলেন, ‘আমি জানি আমি কী করতে যাচ্ছি। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।’

জানা গেছে, ২৮ বছর বয়সী এ ফুটবলার রিয়াল মাদ্রিদে যাওয়ার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। যদিও চেলসি তাকে অত সহজে ছাড়বে না। সেজন্য স্পানিশ ক্লাবটি বেলজিয়ামের এই ফরোয়ার্ডের জন্য বিপুল অর্থ চাইবে। যদিও আগামী বছর এমনিতেই তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে।

চেলসি তাকে সপ্তাহে তিন লাখ পাউন্ড বেতন দিতে প্রস্তুত। তাতে যদি হ্যাজার্ড স্টামফোর্ড ব্রিজে থেকে যান।

হ্যাজার্ড তার বর্তমান চুক্তি নবায়নের ব্যাপারে আলোচনার বিষয়টি চলতি মৌসুম শেষ না হওয়া পর্যন্ত স্থগিত রেখেছেন। অবশ্য রাশিয়ায় ২০১৮ সালের বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই চলে যাবার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। রিয়াল অবশ্য তখন হ্যাজার্ডের জন্য প্রস্তাব দেয়নি। কারণ চেলসি সে সময় ধারণা দিয়েছিল হ্যাজার্ডকে কিনতে হলে ২০০ মিলিয়ন পাউন্ড দিতে হবে।

বেলজিয়াম জাতীয় দলের এ খেলোয়াড় চেলসিতে বর্তমানে তার সেরা মৌসুমগুলোর একটি কাটাচ্ছেন। ১২ গোল দিয়ে তিনি এখন ইংলিশ প্রিমিয়ার লিগের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা। এ ছাড়া সতীর্থদের গোলে জোগানদাতা (১০টি) হিসেবে আছেন সবার উপরে।

চেলসি অবশ্য তাকে রেখে দেওয়ার ব্যাপারে এখনো আশা ছাড়েনি। তবে ব্লুজরা তাকে মেয়াদ শেষ করে মুক্তভাবে চলে যেতেও দিবে না। গত সপ্তাহে চেলসি কোচ মাউরিজিও সারি বলেন, ‘এডেনের বয়স ২৮। সে যদি চলে যেতে চায় আমি মনে করি তার যাওয়াই ভালো। অবশ্যই আমি আশা করবো বিপরীতটাই যেন হয়। তার ইউরোপের সেরা খেলোয়াড় হওয়ার সম্ভাবনা আছে।’

রিয়াল আগামী গ্রীষ্মে তাদের এক নম্বরের পছন্দ হিসেবে হ্যাজার্ডকে চায় কিনা তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। লা লিগার ক্লাবটি স্পেনের শিরোপা লড়াইয়ে দুর্দশায় থাকার পর আগামী মৌসুমের দলবদলে বড় বাজেট নিয়ে নামবে। স্পানিশ লিগে বর্তমানে রিয়াল শীর্ষে থাকা বার্সেলোনার চাইতে আট পয়েন্টে পিছিয়ে আছে।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা এখনো বিশ্বাস করে তারা পিএসজির নেইমার ও কিলিয়ান এমবাপেকে সান্তিয়াগো বার্নাব্যুতে আনতে পারবে। সে তুলনায় হ্যাজার্ডকে আনা অনেক সহজ কাজ। তা চেলসি বেলজীয় খেলোয়াড়টির জন্য যত দামই ধরুক না কেন।