‘আবায়ার’ বিরুদ্ধে সৌদি নারীদের অভিনব প্রতিবাদ

এএফপি

বিশেষ পোশাক আবায়ার (বোরকা) বিরুদ্ধে ব্যতিক্রমী প্রতিবাদ শুরু করেছেন সৌদি নারীরা। এই প্রতিবাদ কর্মসূচিতে সৌদি নারীরা বোরকা উল্টো করে পরে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন।

গত কয়েকদিনে ‘ইনসাইড-আউট আবায়া’ হ্যাশট্যাগ দিয়ে বেশ কয়েকজন সৌদি নারী ছবি পোস্ট করেন। মানবাধিকার কর্মী নোরা আব্দুল করিম চলতি সপ্তাহে টুইটারে লিখেন, ‘সৌদি আরবের নারীবাদীরা অনেক সৃজনশীল, তাই তারা প্রতিবাদের এই ভাষা বেছে নিয়েছে।’

তেলসমৃদ্ধ কট্টর রক্ষণশীল দেশটিতে নারীদের কঠোর বিধিনিষেধ মেনে চলতে হয়। ঘরের বাইরে বের হতে হলে তাদেরকে আপাদমস্তক ঢাকা কালো বোরকা পরতে হয়। গত মার্চ মাসে সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, ইসলামে আপাদমস্তক ঢাকা কালো পোশাক পরা বাধ্যতামূলক নয়। কিন্তু তার এই বক্তব্যে নারীদের পোশাকের ওপর বিধিনিষেধ শিথিল হয়নি। এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো নির্দেশও দেওয়া হয়নি।