টোকিও অলিম্পিকের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে শ্যুটিং

 স্পোর্টস রিপোর্টার

বিশ্বকাপ শ্যুটিংয়ে যাওয়ার প্রস্তুতি চলছে শ্যুটারদের। ২০-২৮ ফেব্রুয়ারী ভারতের দিল্লীতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ শ্যুটিং। বাংলাদেশ এত দিনের অনুশীলনে কতটুকু উন্নতি করল তা দেখা যাবে ভারতের শ্যুাটিং রেঞ্জে। বাংলাদেশের শ্যুটার আব্দুল্লা হেল বাকি কিংবা আরমিন আশাদের কোনো আশা নেই। আশা নেই মানে পদক জয় করে ফিরবে সেই গ্যারান্টি নেই। ভালো করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন শ্যুটাররা।

কারণ বিশ্বকাপ শ্যুটিংয়ে এখন ভারতকে ছাড়িয়ে যাওয়াই অনেক কঠিন হয়ে গেছে। ভারত এখন আর আগের সেই ভারত নেই। তারা বাংলাদেশের মতো দলগুলোর ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। বাংলার শ্যুটাররা এখন সেসব নিয়েও ভাবেন না। নিজেদের নিশানা ঠিক রাখতে সর্বোচ্চটা দিয়ে অনুশীলন করে যাচ্ছেন। দিল্লির ওয়ার্ল্ড কাপ শ্যুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল এবং ১০ মিটার এয়ার পিস্তলকেই বেশি প্রাধাণ্য দেওয়া হচ্ছে। যেখানে খেলবেন আব্দুল্লা হেল বাকি, রবিউল, অর্ণব, শাকিল, আলিফ, রাজ্জাক, জাকিয়া, টুম্পা, আতকিয়া দিশা, আরমিন আশা, আদ্রিনা ফেরদৌস আঁখি, নিলুফার ইয়াসমিন প্রমুখ।

শ্যুটিং ফেডারেশন চাইছে আগামী অলিম্পিক গেমসে যেন সরাসরি খেলার সুযোগ তৈরি করা যায়। শ্যুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদ অপু সংবাদ মাধ্যমের সঙ্গে আলোচনায় জানিয়েছেন তারা চেষ্টা করছেন ওয়াইল্ড কার্ড ছাড়াই যেন টৌকিও অলিম্পিকে অংশ নেওয়া যায়। এবছর অনেকগুলো দেশে বিশ্বকাপ হবে। বাংলাদেশের শ্যুটাররা খেলবে। যদি পারফরম্যান্স উন্নতি করা যায় তাহলে সুযোগ এসেও যেতে পারে। টোকিও অলিম্পিকের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে শ্যুটিং। বাংলাদেশ হতে একবারই সরাসরি অলিম্পিকে অংশ নিয়েছিলেন গলফার সিদ্দিকুর রহমান।