তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
তাড়াশে একটি গভীর নলকূপ স্কিমে ইরি-বোরো আবাদে সেচের জন্য অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী কৃষকরা।
গতকাল বুধবার সকালে ওই স্কিমের আবাদি জমির আইলে দাঁড়িয়ে উপজেলার তালম ইউনিয়নের বরইচড়া গ্রামের ছাইদুর ইসলাম নামে এক সেচ পরিচালনাকারীর বিরুদ্ধে তারা এ বিক্ষোভ করেন।
এ সময় কৃষক আব্দুল মাজেদ, আব্দুস সামাদ, জয়নাল উদ্দিন, আসলাম আলী, ফজলু রহমান, আব্দুল লতিব, শামিম হোসেন, আব্দুল বারিক, নায়েব আলী, শহিদুল ইসলাম, কাবেজ আলী, লাল মিঞাসহ অনেকে বলেন, শেরপুর উপজেলা ডেভেলপমেন্ট ফোরাম নামে একটি প্রতিষ্ঠান থেকে প্রতিবছর লিজ নিয়ে নিয়ম-বহির্ভূতভাবে তাদের থেকে বিঘা প্রতি ১ হাজার ৭শ’ টাকা নিচ্ছেন। অথচ পার্শ্ববর্তী শেরপুর, সিংড়া, গুরুদাসপুরসহ অন্য উপজেলায় গভীর নলকূপ স্কিমে সেচের জন্য ১ হাজার থেকে ১২শ’ টাকা নেওয়া হচ্ছে। বিকল্প সেচ ব্যবস্থা না থাকায় তারা অতিরিক্ত টাকা গুণতে বাধ্য হচ্ছেন।
এদিকে অভিযুক্ত ছাইদুর ইসলাম বলেছেন, কৃষকদের অভিযোগ সত্য নয়। আমার কাছ থেকে গভীর নলকূপটির লিজ ছাড়িয়ে নেওয়ার জন্য একটি মহল কতিপয় কৃষকদের দিয়ে এসব করাচ্ছেন। তাদের থেকে বিঘা প্রতি ১২-১৩শ’ টাকা নেওয়া হচ্ছে।
এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম জানান, গভীর নলকূপ স্কিমে সেচের জন্য ইরি- বোরো আবাদে ১ হাজার থেকে ১২শ’ টাকাই যথেষ্ট।