বেড়ায় প্রভাবশালীর দখলে রাস্তা
বেড়া (পাবনা) সংবাদদাতা
সরকারি জায়গা দখল করে গুদাম ও অফিস ঘর নির্মাণ করায় পাবনার বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা ইউনিয়নের হরিনাথপুর গ্রামের প্রায় দেড় শতাধিক সংঘ্যালঘু সম্প্রদায়ের যাতায়াতের জায়গা সংকীর্ণ হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে দেড় শতাধিক পরিবারের প্রায় ৫০০ সদস্যের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। কয়েকদিন আগে হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তির লাশ ঐ সংকীর্ণ রাস্তায় বের করার একটি ভিডিও ঐ এলাকার একজন ফেসবুকে পোস্ট করলে পোস্টটি ভাইরাল হয়ে যায় এবং তাদের দুর্ভোগ সবার নজরে আসে। ভিডিওতে দেখা যায়, দুজন ব্যক্তি একজনের লাশ কাঁধে নিয়ে টেনে-হিঁচড়ে বের করছে। এলাকাবাসীর অভিযোগ, সবাই বিষয়টি জানলেও মূলত দখলকারীরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ১৫-২০ বছর আগে এই স্থানে চলাচলের জন্য প্রয়োজনীয় রাস্তা ছিল। কিন্তু বর্তমানে এলাকার প্রভাবশালী ব্যবসায়ী তার ব্যবসায়ের গুদাম ও অফিসঘর নির্মাণ করায় রাস্তা সংকীর্ণ হয়ে মাত্র এক-দেড় ফুট অবশিষ্ট আছে। যেখান দিয়ে একজন কোনো রকমে বের হতে পারলেও কোনো আসবাবপত্র অথবা একসঙ্গে একাধিক ব্যক্তি চলাচল করা যায় না। এমনকি কেউ মারা গেলেও তাকে দুজন মিলে উঁচু করে অনেকটা পথ এনে তারপর বের করা সম্ভব হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানিয়েছেন, রাস্তার জায়গা দখল করে ঘর নির্মাণ করাতেই এই দুর্ভোগ। তারা বিভিন্ন জায়গায় ধরনা দিয়েও কোনো কাজ হয়নি।
পুরান ভারেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান কে এম রফিকুল্লাহ বলেন, ঐ এলাকায় বসবাস করা হিন্দু সম্প্রদায়ের মানুষগুলোর জন্য সত্যিই চলাচলের জন্য কোনো রাস্তা নেই। যা আছে তা দুই ফুটের বেশি হবে না। কমপক্ষে চার ফিট চওড়া রাস্তা হলে ভালো হয়। যাদের ঘর আছে তাদের ভাঙার জন্য সময় দিতে হবে। এই সমস্যা সমাধানের জন্য শীঘ্রই কাজ শুরু করা হবে।