ধুনটে নারী পুলিশ কর্মকর্তার আত্মহত্যা

ধুনট (বগুড়া) সংবাদদাতা

দাম্পত্য বিরোধের জের ধরে বগুড়ার ধুনট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রোজিনা খাতুন (৩২) গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

বুধবার দুপুরে ময়নাতদন্ত শেষে পুলিশ কর্মকর্তা রোজিনার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে মঙ্গলবার দুপুর ১২টার দিকে ধুনট থানা ভবনের পাশে ভাড়া বাসায় তিনি বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেছিলেন।

নাটোরের সিংড়া উপজেলার বাহাদুরপুর গ্রামের নান্নু মিয়ার মেয়ে রোজিনা খাতুনের ২০০৭ সালে পুলিশ কনস্টেবল পদে চাকরি হয়। এএসআই পদে পদোন্নতি পেয়ে ২০১৮ সালের ১৮ জানুয়ারি তিনি ধুনট থানায় যোগদান করেন। ছেলে ও মেয়েকে নিয়ে থানা ভবনের পাশে একটি বাসায় ভাড়া থাকতেন। স্বামী হাসান আলী চাকরির সুবাদে গ্রামের বাড়িতে থাকেন।

রোজিনার বাবা নান্নু মিয়া বলেন, পাঁচ/ছয় বছর ধরে জামাতার সাথে আমার মেয়ের পারিবারিক বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছে। জামাতা হাসান আলী বৃহস্পতিবার বাসায় আসেন। শনিবার সকালে গ্রামের বাড়িতে চলে যান।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, দাম্পত্য কলহের জেরে নারী পুলিশ কর্মকর্তা আত্মহত্যা করেছেন। এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে।