জয়পুরহাটে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের চার সদস্য আটক, জরিমানা আদায়

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে বিশেষ অভিযান চালিয়ে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের চার সদস্যকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তদের নিকট থেকে ২৫ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।   

র্যাব সূত্র জানায়, প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের আটক চার সদস্য হচ্ছে- জেলা শহরের খনজনপুর এলাকার বিলাশ দাসের ছেলে ধ্রুব দাস, সাইফুল ইসলামের ছেলে  মো. আরমান অভি, রতন খন্দকারের ছেলে অর্ণব খন্দকার, বিকাশ দাসের ছেলে দ্বীপ দাস। প্রধানমন্ত্রীর নির্দেশ এবং র্যাব মহাপরিচালকের দিকনির্দেশনায় পরীক্ষা শুরু হওয়ার পূর্ব থেকেই এ বিষয়ে বিশেষ অনুসন্ধান শুরু করে র্যাব সদস্যরা। এরই ধারাবাহিকতায় জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি অপারেশনাল টিমের কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেনের নেতৃত্বে শহরের বৈরাগীর মোড় এলাকায় মঙ্গলবার সন্ধ্যার পর থেকে অভিযান শুরু করে । রাত সাড়ে ১০টা পর্যন্ত পরিচালিত অভিযানে ওই চারজনকে আটক করা হয়।

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার হক  প্রশ্নপত্র ফাঁসকারী প্রতারক চক্রের চার সদস্যকে ২৫ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করেন।