কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা
কাশিয়ানীতে স্থানীয় দুই সাংবাদিককে লাঞ্ছিত করেছে পারুলিয়া ইউপি চেয়ারম্যান মো. মোকিমুল ইসলাম মকিমের দুই ভাই ও তাদের লোকজন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে পারুলিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চেয়ারম্যানের ভাই মনির শেখকে রাতে পুলিশ গ্রেফতার করে।
জানা গেছে, গত ৭ জানুয়ারি ইউপি চেয়ারম্যান মো. মোকিমুল ইসলাম মকিমের ভাই মিলন শেখ ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের জমি দখল করে মাদক ব্যবসায়ী চাঁন মিয়া ওরফে চান্দুকে বাড়ি করে দিতে গেলে ইউপি সদস্য সাধন কুমার বাধা দেয়। পরে মিলনের লোকজন সাধনকে উপজেলার সাজাইল বাজারে মারধর করে।
মঙ্গলবার আবারও মিলন শেখ কুমার নদীর বেড়িবাঁধ কেটে এক ব্যক্তিকে সরকারি জায়গায় বাড়ি করে দিচ্ছিলেন। এ সময় দৈনিক যায়যায়দিনের কাশিয়ানী প্রতিনিধি নিজামুল আলম মোরাদ ও ভোরের ডাকের প্রতিনিধি মো. ফায়েকুজ্জামান সংবাদ সংগ্রহ করতে গেলে মিলন শেখের নেতৃত্বে মনির শেখসহ ৭/৮ জন যুবক তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে।
এ ঘটনায় বিকালে সাংবাদিক ফায়েকুজ্জামান বাদী হয়ে কাশিয়ানী থানায় চেয়ারম্যানের দুই ভাইসহ অজ্ঞাত ৭/৮ জনের নামে অভিযোগ দায়ের করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে মনির শেখকে গ্রেফতার করে।
কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান সাংবাদিক লাঞ্ছিতের মামলায় চেয়ারম্যানের ভাইকে গ্রেফতারের কথা স্বীকার করে বলেন, আসামিকে আদালতের মাধ্যমে বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে।