কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি গত মঙ্গলবার কসবায় এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় তিনি বলেন, উপজেলা পরিষদ এলাকায় বিআরডিবি-ইউসিসিএ’র ব্যবহারের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত ভূমিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার নির্মাণ করা যাবে না। তিনি বিআরডিবি’র বরাদ্দকৃত ভূমি ছাড়া উপজেলা পরিষদ এলাকায় অন্য জায়গায় আইসিটি ট্রেনিং সেন্টার স্থাপন করার পরামর্শ দেন। মন্ত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উদ্ভূত পরিস্থিতি নিরসনকল্পে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো: আনিসুল হক ভূঁইয়া, বিআরডিবির উপ-পরিচালক মো: হুমায়ুন কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জুবাইদা আক্তার, কসবা থানার ওসি মো: আবদুল মালেকসহ এলাকার সমবায়ীগণ উপস্থিত ছিলেন।
পরে আইনমন্ত্রী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন। সভায় সর্ব সম্মতিক্রমে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো: রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগ সভাপতি মো: মনির হোসেন এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা নেত্রী ফারহানা সিদ্দিককে মনোনীত করেন।