প্রচারে রয়েছেন অন্য প্রার্থীরাও
চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তিন প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। চাটমোহর থেকে যে তিনজনের নাম কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে শীর্ষে রয়েছেন পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আঃ হামিদ মাস্টার। অপর দু’জন হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা আবু হায়াত মোঃ কামাল ওরফে জুয়েল মির্জা। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপির সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন মোঃ মকবুল হোসেন এমপি, আহম্মেদ ফিরোজ কবীর এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল প্রমুখ।
এদিকে ওই তিনজন ছাড়াও উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন সাবেক এমপি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম সামসুদ্দিন খবির, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এসএম নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন ধনী, সাবেক ছাত্রনেতা আতিকুর রহমান আতিক, মুক্তিযোদ্ধা এসএম মোজাহারুল হক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আঃ আলীম।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খন্দকার মাহবুব এলাহী বিশু, খন্দকার বজলুল করিম খাকছার, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহক আলী মানিক, মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, ডিবিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনিসুর রহমান বাবু এবং যুবলীগ নেতা শরিফুল ইসলামের নাম শোনা যাচ্ছে। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক বেগম রোকেয়া আজাদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক সাজেদা রহমান, ডিবিগ্রাম ইউপি সদস্য আরেফিন আক্তার লিলি এবং দেলোয়ারা খাতুনের নাম শোনা যাচ্ছে। তবে বিএনপির কোনো প্রার্থীর নাম শোনা যাচ্ছে না। তারা নির্বাচনী মাঠেও নেই। চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সাখো বলেন, ছাত্রজীবনের শুরু থেকে এখন পর্যন্ত সকল আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছি। মনোনয়ন পেলে তিনি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ হামিদ মাস্টার বলেন, চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে এবার তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চান।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুয়েল মির্জা বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে তিনি নির্বাচন করতে চান। দলীয়ভাবে তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করলে অবশ্যই বিজয়ী হবেন।