বরিশাল শেবাচিমের করোনা ইউনিটের সামনে অক্সিজেনের দাবিতে বিক্ষোভ

করোনা রোগীদের পর্যাপ্ত অক্সিজেন দেয়ার দাবিতে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ইউনিটের সামনে বিক্ষোভ করা হয়েছে। 

মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটির উদ্যেগে এই কর্মসূচি করা হয়। 


 
বিক্ষোভ সমাবেশে ডা. মনীষা চক্রবর্তী বলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে অক্সিজেনের অভাবে রোগীদের হাহাকার চলছে। হাসপাতালের অক্সিজেন প্লান্ট চালু না হওয়ায় রিফিল করতে দীর্ঘ সময় লাগছে, ১টি সিলিন্ডার পাওয়ার জন্য রোগীদের ৬/৭ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। বরিশালে করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ার পেছনে অক্সিজেনের এই সঙ্কট অন্যতম নিয়ামক হিসেবে কাজ করছে। 

তিনি বলেন, অবিলম্বে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, কেন্দ্রীয় অক্সিজেন প্লান্ট স্থাপনের মাধ্যমে করোনা ইউনিটে ভর্তি সকল রোগীদের জন্য নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। মানুষের জীবন বাঁচাতে শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে প্রয়োজনীয় অক্সিজেনের সরবরাহ নিশ্চিত না করলে কঠোর আন্দোলন করা হবে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শেবাচিম হাসপাতালের সামনের সড়ক প্রদক্ষিণ করে।

ইত্তেফাক/এমএএম