বিশেষ প্রতিনিধি
বিমান বাহিনীর ৪২তম বার্ষিক কমান্ড সেফটি সেমিনার বাহিনীর ফ্যালকন হলে গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিমান বাহিনী প্রধান তার বক্তব্যে উড্ডয়ন নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে বলেন, সার্বিক নিরাপত্তার বিষয়টি ব্যক্তিগত জ্ঞানের পরিধির উপর নির্ভর করে। উড্ডয়ন নিরাপত্তার ক্ষেত্রে অদম্য উত্কর্ষতা অর্জনের লক্ষ্যে সর্বস্তরের জনবলের মানসম্পন্ন প্রশিক্ষণ প্রদান ও কর্মক্ষম করার উপর তিনি গুরুত্ব আরোপ করেন যা উড্ডয়ন নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। বিভিন্ন কর্ম উপকরণের সর্বোচ্চ নিরাপদ ব্যবহার নিশ্চিতকল্পে যন্ত্রপাতি ও এর ব্যবহারের উপর পর্যাপ্ত পেশাগত জ্ঞান অর্জনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
২০১৮ সালের উড্ডয়ন নিরাপত্তায় বিশেষ অর্জনের জন্য বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক আন্তঃঘাঁটি ফ্লাইট সেফটি ট্রফি এবং এফআইএস, বিএএফ আন্তঃস্কোয়াড্রন খাদেমুল বাশার ফ্লাইট সেফটি ট্রফি লাভ করে। অনুষ্ঠানে বিমান সদর ও বিমান বাহিনীর ঘাঁটিসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।