বাংলাদেশের শ্রেষ্ঠ ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় দেশের অন্যতম জনপ্রিয় চ্যানেল, চ্যানেল আই-এ বাংলা ভাষা নিয়ে মেধাভিত্তিক টিভি রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ তৃতীয় বর্ষ শুরু হয়েছে। নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা, বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে ইস্পাহানি মির্জাপুর আয়োজন করে এই বাংলা প্রতিযোগিতা ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’। এ প্রতিযোগিতায় শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানান চর্চা, শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগের মাধ্যমে ভিন্ন ভিন্ন পর্যায় শেষে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে। দেশসেরা বাংলাবিদ জিতে নেবে ১০ লক্ষ টাকার মেধাবৃত্তি। উল্লেখ্য, ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ প্রথম বর্ষের প্রতিযোগিতায় সেরা বাংলাবিদের পুরস্কার জিতে নিয়েছিল রাজধানী ঢাকার ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী নুসরাত সায়েম ও দ্বিতীয় বর্ষের সেরা বাংলাবিদের পুরস্কার জিতে নিয়েছিল চট্টগ্রামের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী দেবস্মিতা সাহা।
প্রাথমিকভাবে এ বছর দেশের সকল বিভাগের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে । আটটি বিভাগীয় শহরের সঙ্গে কুমিল্লা শহরেও এবার প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে ও নির্বাচিত সেরা ছাত্র-ছাত্রীদের মূলপর্বে নিয়ে আসা হবে। বিভাগীয় সেরা প্রতিযোগীরা চ্যানেল আইয়ের স্টুডিও রাউন্ডে অংশ নিয়ে বাংলায় শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য লড়বে যা পরবর্তীতে চ্যানেল আইয়ের পর্দায় প্রদর্শিত হবে। ২০টি পর্বের আকর্ষণীয় এই প্রতিযোগিতার মাধ্যমে প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের নির্বাচন করা হবে। তৃতীয় বর্ষের জন্য নিবন্ধন শুরু হয়েছে ০৬ ফেব্রুয়ারি থেকে।