ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় একদিন বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ব্যবসায়ীদের পক্ষ থেকে আগামী ৯ ফেব্রুয়ারি (শনিবার) পর্যন্ত বাণিজ্য মেলার সময় বাড়ানো হয়েছে।
এবারও বাণিজ্য মেলা কয়েকদিন বাড়ানোর দাবি জানায় ব্যবসায়ীরা। তবে কর্তৃপক্ষ শনিবার ছুটির দিন হওয়ায় একদিন সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়। গত ৯ জানুয়ারি বিকালে রাজধানীর শেরে-বাংলা নগরে আয়োজিত ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সূত্র জানায়, এর আগে ২০১৫ সালে নির্দিষ্ট সময়ের চেয়ে মেলার মেয়াদ ১০ দিন বাড়ানো হয়েছিল। কিন্তু গতবছর ছিল ভিন্ন চিত্র। ২০১৭ সালে চারদিন মেলার সময় বাড়ানো হয়। ২০১৮ সালে ব্যবসায়ীরা সময় বাড়ানোর দাবি জানালেও তা বাড়ানো হয়নি।
রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, এবছর আন্তর্জাতিক বাণিজ্যমেলা ১ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা থাকলেও ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সাতদিন পিছিয়ে ৯ জানুয়ারি উদ্বোধন করা হয়। হিসেব অনুযায়ী, মাসব্যাপী এ মেলা ৮ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল। একদিন সময় বাড়ানোর ফলে মেলার পর্দা নামবে আগামী ৯ ফেব্রুয়ারি।
এবারের মেলায় প্যাভিলিয়ন, মিনি-প্যাভিলিয়ন, রেস্তোরাঁ ও স্টলের মোট সংখ্যা ৬০৫টি। এর মধ্যে রয়েছে প্যাভিলিয়ন ১১০টি, মিনি-প্যাভিলিয়ন ৮৩টি ও রেস্তোরাঁসহ অন্য স্টল ৪১২টি। এবার বাংলাদেশ ছাড়াও ২৫টি দেশের ৫২টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। দেশগুলো হলো- থাইল্যান্ড, ইরান, তুরস্ক, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, চীন, মালয়েশিয়া, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, হংকং, সিঙ্গাপুর, মরিশাস, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া ও জাপান।
এদিকে মেলায় চলছে শেষ সময়ের বিকিকিনি। আগের চেয়ে দাম কমিয়েছেন বিক্রেতারা। দর কষাকষি করে পছন্দের পণ্য কেনাকাটা করছেন ক্রেতারা। শেষ সময়ের বেচাবিক্রিতে খুশির ঝিলিক বিক্রেতাদের মুখে।