৫১৪ জন পেলেন ‘আইজিপি ব্যাজ’
বিশেষ প্রতিনিধি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ সদস্যদের কোনো সখ্যতা থাকতে পারবে না। এমন প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গতকাল পুলিশ সপ্তাহ-২০১৯ এর ৩য় দিন রাজারবাগ পুলিশ লাইন্সে ৫১৪ জন পুলিশ সদস্যকে ‘আইজিপি এক্সামপ্লারি গুড সার্ভিস ব্যাজ’ পরানো শেষে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা জানান।
তিনি বলেন, কোনো অবস্থাতেই নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না। এ বিষয়টি নিশ্চিত করতে কঠোর নজরদারির আওতায় রাখতে হবে। সব শ্রেণি-পেশার মানুষের কাছে পুলিশি সেবা পৌঁছে দিতে হবে। জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের শূন্য সহিষ্ণুতার কথা জানিয়ে আইজিপি বলেন, পুলিশ দেশের বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে নিয়ে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। বর্তমানে দেশ অনেকাংশেই জঙ্গির আগ্রাসন থেকে মুক্ত। এর আগে ২০১৮ সালে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে নির্বাচিত ৫১৪ জন পুলিশ সদস্যকে আইজিপি এক্সামপ্লারি গুড সার্ভিস ব্যাজ পরিয়ে দেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। একই অনুষ্ঠানে ২০১৮ সালে অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদক দ্রব্য ও চোরাচালান মালামাল উদ্ধারে সাফল্য অর্জনকারী ইউনিটকে পুরস্কার দেওয়া হয়।