সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ আট জন নিহত

দেশের বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ আটজন নিহত হয়েছেন। গত মঙ্গলবার ও গতকাল এ সব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

ফুলবাড়ি (দিনাজপুর): ফুলবাড়ি-রংপুর মহাসড়কের ফুলবাড়ি উপজেলার মহেশপুর সংলগ্ন নবাবগঞ্জ উপজেলার ভাগলপুরে গতকাল পিকনিক বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল ছাত্রী শাপলা রানীর (১৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে। শাপলা নবাবগঞ্জের আফতাবগঞ্জ প্রামাণিকপাড়ার মানিক চন্দ্রের মেয়ে ও বেলঘাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

রাণীনগর (নওগাঁ): রাণীনগরে ট্রাক্টরের চাপায় হারেজ আলী মন্ডল (৭০) নামে চালকের এক সহযোগীর মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেল আরোহী তোরাব আলী গুরুত্বর আহত হয়েছে। গতকাল উপজেলার বান্দায়খাঁড়া-নওগাঁ সড়কের দুই নাম্বার স্লুইচ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

সুন্দরগঞ্জ (গাইবান্ধা): গাইবান্ধা শহরের লিটন মহুরীর স্ত্রী লিচু বেগম (৩২) গতকাল ছেলের মোটরসাইকেলে চাচা শ্বশুরের দাফনে অংশ নিতে যাচ্ছিলেন। পথিমধ্যে কচুয়ার খামার নামক স্থানে অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে লিচু বেগমের মৃত্যু হয়।

স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ট্রাকচাপায় জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক শামিম হোসেনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার মহানগরীর নওদাপাড়া আমচত্বর সংলগ্ন মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে। প্রতিদিনের ন্যায় ওইদিনও কয়েকজনকে নিয়ে চাঁদা তুলছিলেন শামিম। একটি দ্রুতগামী ট্রাককে থামাতে গেলে ট্রাকটি তাকে চাপা দিয়ে চলে যায়।

সেনবাগ (নোয়াখালী): সেনবাগ উপজেলার ছাতারপাইয়া-চিলাদী সড়কের মুন্সিবাড়ি নামক স্থানে গতকাল মাটিবাহী ট্রাক্টর উল্টে মোঃ আবু জাহের (২৫) নামের এক ট্রাক্টর চালক নিহত হয়েছে। জাহের ছাতারপাইয়া গ্রামের শালী সদ্দার বাড়ির রুহুল আমিনের ছেলে।

কুমিল্লা সদর দক্ষিণ: কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের কচুয়ায় গতকাল সাহেব আলী (৫২) নামে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। কান্দিরপাড়গামী সিএসজি চালিত অটোরিকশা ও বরুড়া উপজেলার ভাতেশ্বরগামী মিনিবাসের সংঘর্ষে তার মৃত্যু হয়।

গোয়ালন্দ (রাজবাড়ী): দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ পৌর জামতলায় চলন্ত ট্রাকের ধাক্কায় গতকাল জাবেদ আলী (৭৫) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হন। তার বাড়ি উপজেলার ছোটভাকলা ইউনিয়নের আম্বলপুর গ্রামে।

বেড়া (পাবনা): বেড়ায় কাশিনাথপুরে ট্রাক চাপায় নজরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল কাশিনাথপুর ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।