ছাতকে শিশু ইমন হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

সিলেট অফিস

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার চাঞ্চল্যকর স্কুলছাত্র শিশু ইমন হত্যার দায়ে চারজনের ফাঁসির রায় দিয়েছে আদালত। বুধবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. রেজাউল করিম এ মামলার রায় ঘোষণা করেন।

চার আসামির মধ্যে বাতিরকান্দি গ্রামের সালেহ আহমদ ছাড়া একই গ্রামের রফিক, জায়েদ ও উপজেলা ব্রাহ্মণ জুলিয়া গ্রামের সুজন বর্তমানে কারাগারে রয়েছে। আদালতের পিপি কিশোর কুমার কর জানান, মৃত্যুদণ্ডের সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত। ইমনের বাবা জহুর আলী এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে রায় দ্রুত কার্যকর করার দাবি জানান। বাদীপক্ষে ছিলেন আইনজীবী এ কে এম শিবলী ও এ কে এম শামিউল আলম। আর আসামিপক্ষে আইনজীবী ছিলেন শহিদুজ্জামান চৌধুরী।

ছাতকের নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামের সৌদি প্রবাসী জহুর আলীর ছেলে ও স্থানীয় একটি বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র মোস্তাফিজুর রহমান ইমনকে ২০১৫ সালের ২৭ মার্চ অপহরণ করা হয়। পরে মুক্তিপণের টাকা পাওয়ার পরও অপহরণকারীরা ইমনকে হত্যা করে।

ঐ বছরের ৮ এপ্রিল মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে সিলেটের কদমতলী বাসস্ট্যান্ড থেকে ইমন হত্যাকারী ইমাম সুয়েবুর রহমান সুজনকে গ্রেফতার করে পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহূত ছুরি, বিষের বোতল ও রক্তমাখা কাপড় ও বাতিরকান্দি হাওর থেকে ইমনের মাথার খুলি ও হাতের হাড় উদ্ধার করা হয়। পরে পুলিশ সালেহ আহমদ ছাড়া বাকি ২ জনকে গ্রেফতার করে।