সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবামেক) ছাত্রদলের তিন নেতাকে পুলিশের কাছে সোপর্দ করেছে ছাত্রলীগ। মঙ্গলবার বিকেলের দিকে এই ঘটনা ঘটে। আটককৃতরা হলো মেডিক্যাল কলেজ ছাত্রদলের নেতা রাফসান জানি আবির, আবু তালহা ও মাহফুজুর রহমান শিমুল। এরা তিনজনই ৪৪ তম ব্যাচের ছাত্র ও সদ্য শেবাচিম হাসপাতালে যোগদানকৃত ইন্টার্ন চিকিত্সক। মেডিক্যাল কলেজ ছাত্রলীগ নেতা আল মামুন বলেন, ছাত্রদলের ওই তিন নেতার মধ্যে রাফসান জানি আবির মেডিক্যাল কলেজ ছাত্রদলের সভাপতি, আবু তালহা সাধারণ সম্পাদক ও মাহফুজুর রহমান শিমুল সহ-সভাপতি। এরা ক্যাম্পাসের বাইরে থেকে গত নির্বাচনের পূর্বে মেডিক্যাল কলেজে সরকার বিরোধী নানান কার্যক্রম পরিচালনা করে আসছিল। পাশাপাশি তারা বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালায়। নির্বাচনের পরে তারা পালিয়ে বেড়ালেও মঙ্গলবার ছাত্রলীগ নেতা-কর্মীরা তাদের ক্যাম্পাসে পেয়ে পুলিশের কাছে সোপর্দ করে। বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের ওসি নূরুল ইসলাম সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে পূর্বে নাশকতার মামলা রয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।